জন্মদিনের পর, আবার লিখতে বসলাম। আসলে, লেখাটাই আমার জীবন হয়ে উঠেছে। মুখ দিয়ে যদি সব কথা বলা যেতো, তাহলে আজ আর এই চিঠির মাধ্যমে লুকোচুরি খেলতে হতো না। জীবনটা গতানুগতিক চলতো।
সত্যি বলবো? আমি অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করেছি সারাদিন। কিন্তু মুঠোফোনটা নীরবই রয়ে গেলো। ভেসে উঠলো না তোর নামটা!! একটা সকাল, আমাদের কতগুলো সন্ধ্যাকে হারিয়ে দিলো। ইগোর পাহাড় জমে গেল। আবেগের তলায় চাপা পড়ে গেল, আমাদের সেইসব গোপন আলোচনা, হাসি ঠাট্টা, সেইসব বন্ধুত্বের মুহূর্তগুলো।
তবে মনটা তো বড় বেয়াদপ!! তাই এখনও অপেক্ষায় থাকে। নীরব অপেক্ষায়, কখন ফোনটা বাজবে। কখন, ফেসবুকে আমার লেখায় প্রথম কমেন্টটা আসবে, জ্বলজ্বল করবে তোর নামটা!!😊 আসলে, প্রেমিক তো অনেক পাওয়া যায়, বন্ধু পাওয়া কি অত সহজ?
তবে, শিখছি অনেক কিছু। শিখছি, নিজেকে বোঝা না বানাতে, শিখছি, কিভাবে অন্যের জীবনে নিজের অপ্রয়োজনীয় অস্তিত্বটা মুছে ফেলতে হয় একটু একটু করে!! শিখছি, কারণ শিখতে বাধ্য হচ্ছি।
ভালো থাকিস, আর পারলে, এই লেখার মধ্যে নিজেকে খুঁজে নিস বন্ধু!!😊
No comments:
Post a Comment