হিমেল হাওয়া নাড়ছে কড়া
হেমন্তেরই দ্বারে
গাছ-গাছালির কাঁপছে যে বুক
পাতা খসানোর তরে ।
রবি কিরণে সোনালীর ছটা
শিশির বিন্দু খানি
চলতি পথে ঘাসের উপর
আলগা পায়ে শির-শিরাণী।
শিশু মন তাই করছে জোগাড়
পাতা-খড়-কুটো
একটু গরম করে নেবে তার
শীতল হাত দুটো।
স্নিগ্ধ সুনীল আকাশে
সারা নীলের মেলা
নেই আর সেই মেঘেদের
লুকোচুরি খেলা ।
সোনালীর রঙে রঙ ধরেছে
ওই আমনের শীষে
চাষির দল তাই ভির করেছে
কামারশালে এসে ।
চারিদিকে আজ উৎসবের ছোঁয়া
বইছে হাওয়া খুশির
ডাক দিয়েছে নবান্নেরে
হেমন্তের শিশির ।
No comments:
Post a Comment