আমাকে হারিয়ে বার বার
তুমি জিততে চেয়েছিলে।
আজ নিশ্চয় তোমার
সে স্বপ্নপূরনের আশা গেছে মিটে।
সব আবেগ,অনুভুতি,প্রেম
দুপায়ে মাড়িয়ে ধ্বংস করে
তুমি হারিয়ে দিয়েছো আমায়।
সেই ধ্বংস স্তুপের উপড়
মাথা উঁচু করে দাঁড়িয়ে
জোড় গলায় সকলের সামনে জানিয়ে দাও তুমি গেছো জিতে! হেরে গেছে মিথ্যে কিছু মায়া
হেরে গেছে মিথ্যে কিছু স্বপ্ন।
ছোটো ছোটো স্বপ্ন,আশা,ভরসা নিয়ে ভালোবাসার যে ছোট্ট
স্বপ্ন কুটির তিল তিল করে
তৈরী করেছিলাম তাকে
অবহেলা,অহংকারের
আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে যে ঘৃণার রাজপ্রাসাদ
তুমি প্রতিষ্ঠা করেছো,
নিজেকে অভিষিক্ত করেছো বিজেতা মহারাজ্ঞী হিসাবে
যার প্রতিটা ইঁট কাঠ পাথরে
লেখা আছে এক অসহায়
প্রেমিকের হেরে যাওয়ার গল্প,
সেই ধ্বংসের সিংহাসন
আরোহন করে তুমি খুশি তো।
তুমি খুশি তো
সেই আলো ঝলমলে হাসি খুশির সব রংগুলোকে এলো মেলো করে
যে কালো রঙে ভরিয়ে দিয়েছো জীবনের ক্যানভাস
সেখানে নিজের ছায়া দেখে,
একটুও কি কষ্ট হয় না
সেই আঁধারে নিজেকে খুঁজে পেতে!
আর কতটা দুরে ঠেলে দিলে
কত জন্ম ধরে অবহেলা করলে তোমায় ভুলে থাকতে পারবো!
তুমি ততটাই ঘৃণা করো
যতটা ঘৃণা করলে
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ডুবে যাবো অচেনা গহীন আঁধারে,
যতটা অবহেলা করলে
স্মৃতিপটে আঁকা সব মিথ্যা প্রতিশ্রুতি
বেরঙ ফ্যাকাসে হতে হতে
কোনো এক ভোরে
নিশ্চিহ্ন হয়ে যাবে।
তুমি আমায় ততটাই উপেক্ষা করো
তুমি ততটাই অবহেলা করো, আমায় ভেঙে চুড়ে শেষ হতে দাও।
সেই জিত আমি চায়না
যেখানে লড়াইটা শুরু হয়
তোমার অহংকার দিয়ে
আর শেষ হয় আমার অপেক্ষায়
No comments:
Post a Comment